ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:১৬ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাজারের ভেতর বালুবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় কলার হাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সকালে বাজারে বেচাকেনা চলাকালে হঠাৎ একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক বাজারের ভেতরে ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলায় ঝলমলিয়ার কলার হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় ছিল। এ সময় একটি ট্রাক দ্রুতগতিতে বাজারের ভেতর ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রাকটি উল্টে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে এবং আশপাশে থাকা লোকজনের ওপর আঘাত লাগায় হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুবাহী দ্রুতগতির ট্রাকটি কলার হাটে ঢুকে পড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। অপর তিনজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত একজনের শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকালে পাঠানো এক বার্তায় জানানো হয়, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাজারের ভেতরে উল্টে যায়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পুঠিয়া ফায়ার স্টেশন ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণেই প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর