মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর:
ফরিদপুরে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে প্রার্থী ও নাগরিকদের নিয়ে সহিংসতামুক্ত নির্বাচন ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় পুরাতন বাস টার্মিনাল অবস্থিত এনজিও ফ্রমের হল রুমে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বিইআই-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির বলেন, “একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে নির্বাচনী সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিকল্প নেই। এই সভার প্রধান লক্ষ্য নির্বাচনকে শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং সহিংসতামুক্ত রাখতে প্রার্থী ও নাগরিক সমাজের অঙ্গীকার নিশ্চিত করা।
সভায় ফরিদপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক নেত্রীবৃন্দ সাংবাদিক, তরুণ নেতৃত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৪৮ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এবং তাদের মতামত ব্যক্ত করেন বলেন, কোনো ধরনের নির্বাচন–সংক্রান্ত সহিংসতায় জড়িত হবেন না এবং সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন।একই সঙ্গে তারা গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
জানাযায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠার পর থেকে সুশাসন, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই কর্মসূচির অংশ হিসেবে বিইআই গত ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে যুবসমাজ, সাংবাদিক এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পরিচালনা করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দায়িত্বশীলভাবে তথ্য যাচাই, ভুয়া খবর শনাক্তকরণ এবং অনলাইন সংঘাত প্রতিরোধের কৌশল বিষয়ে দিকনির্দেশনা পান, যাতে তারা শান্তিপূর্ণ সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
আকাশজমিন / আরআর