ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

নওগাঁ প্রতিনিধি 

উত্তরের সীমান্তবর্তী নওগাঁ জেলায় বুধবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটি চলতি শীতকালীন মৌসুমেরও সর্বনিম্ন রেকর্ড।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে জানান, বুধবার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে রেকর্ড করা হয়েছে। এদিন তাপমাত্রা গতকালের তুলনায় প্রায় সাড়ে ৪ ডিগ্রি কমে এসেছে। উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা কয়েকগুণ বাড়িয়েছে। দিনের বেলা সূর্যের আলো ঠিকমতো দেখা যাচ্ছে না এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে চারপাশ। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

শহরের বরুণকান্দি এলাকার রিকশা চালক দবিরুল ইসলাম বলেন, “দুই দিন ধরে শীত অনেক তীব্র। বাইরে বের হওয়া কষ্টকর। লোকজন কম বের হচ্ছে, তাই ভাড়া কম। শীতের কষ্ট থাকা সত্ত্বেও দু-মুঠো খাবারের জন্য গাড়ি চালাতে হচ্ছে।”

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক বলেন, “জেলায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ এবং বাতাসের কারণে শীত আরও তীব্র অনুভূত হচ্ছে।”

আবহাওয়া অধিদপ্তরের শৈত্যপ্রবাহ সংক্রান্ত তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ। ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

বদলগাছী ও নওগাঁর অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কৃষি কার্যক্রম, পরিবহন এবং দৈনন্দিন জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে। স্থানীয়রা ঘরভিত্তিক কাজ ও খাদ্যদাবার আয়োজন সীমিত করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ভোর-বেলা শিশু ও প্রবীণদের জন্য বাড়িতে তাপমাত্রা কমে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য উত্তরের জেলা ও অঞ্চলগুলোতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে, বিশেষ করে সকালে ও রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা রক্ষায় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতা জোরদার করা হয়েছে।

আবহাওয়াবিদরা শীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে, পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার, গরম পানি পান ও প্রয়োজনমতো ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন।



এ সম্পর্কিত আরো খবর