কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে সার্ভিলেন্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা জেলা কার্যালয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর, ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ-এর গোডাউনে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গোডাউনে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিভিন্ন পণ্যের পাশাপাশি অবৈধ মশার কয়েল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে অনুমোদনহীন মশার কয়েল ব্যবহারে মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এসব পণ্যের গুণগত মান যাচাই না থাকায় বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী দুই দিনের মধ্যে অবৈধ পণ্যসমূহ ধ্বংস অথবা গোডাউন থেকে অপসারণ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
এই সার্ভিলেন্স অভিযানে নেতৃত্ব দেন জনাব পরিতোষ চন্দ্র তালুকদার, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই কুমিল্লা। অভিযানে আরও অংশগ্রহণ করেন মো. মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক (সিএম) এবং জনাব ইকবাল আহম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।
বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএসটিআইয়ের নজরদারি ও সার্ভিলেন্স অভিযান চলমান থাকবে।
আকাশজমিন / আরআর