বাজারে শীতের সবজি ও দেশি মাছের সরবরাহ ভালো থাকায় ডিমের চাহিদা কমেছে। এর ফলে এক ডজন ডিমের দাম ১০ টাকা কমে বর্তমানে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহের ব্যবধানে ডিমের দামে এ ধরনের স্বস্তিদায়ক পরিবর্তন এসেছে।
তবে ডিমের দাম কমলেও মুরগির দাম আগের অবস্থানেই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ডিমের তুলনায় মুরগির চাহিদা স্থিতিশীল থাকায় এর দামে কোনো পরিবর্তন হয়নি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুমে সাধারণত সবজির জোগান বাড়ে এবং দেশি মাছ সহজলভ্য হয়। ফলে অনেক ভোক্তা প্রোটিনের বিকল্প হিসেবে ডিমের পরিবর্তে মাছ ও শাকসবজি কিনছেন। এর প্রভাব পড়েছে ডিমের বাজারে। বর্তমানে পাইকারি বাজারে প্রতিটি ডিম ৮ টাকার নিচে বিক্রি হচ্ছে।
ডিম ব্যবসায়ীরা জানান, সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম থাকায় দাম কমেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, শীতকালে দেশি হাঁসের ডিমের মৌসুম থাকায় মুরগির ডিমের বিকল্প হিসেবে অনেকেই হাঁসের ডিম কিনছেন। ফলে মুরগির ডিমের বাজারে চাপ তৈরি হয়েছে।
খুচরা বিক্রেতারা জানান, দাম কমলেও ডিম বিক্রি আগের তুলনায় কম হচ্ছে। অনেক ক্রেতা অল্প পরিমাণে ডিম কিনছেন। এতে খুচরা পর্যায়ে লাভের পরিমাণও কিছুটা কমেছে।
চালের বাজারে আংশিক স্বস্তি লক্ষ্য করা গেছে। নতুন আমন চাল বাজারে আসতে শুরু করায় নতুন চালের দাম কিছুটা কমেছে। নতুন মোটা চাল কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পুরোনো চাল এখনো তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি হচ্ছে, যা কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকা।
খুচরা বিক্রেতারা জানান, পুরোনো চালের ভাত ঝরঝরে হয় এবং রান্নার পর ভাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়। এ কারণে অনেক ক্রেতা বেশি দাম দিয়েও পুরোনো চাল কিনছেন। ফলে এই চালের দাম স্থিতিশীল রয়েছে।
শীতের অধিকাংশ সবজির দাম তুলনামূলকভাবে সহনীয় থাকলেও ফুলকপি ও লাউয়ের দাম এখনো কিছুটা বাড়তি। সপ্তাহ দুয়েক আগে ঘন কুয়াশার কারণে সরবরাহ কমে যাওয়ায় এই দুই সবজির দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে প্রতিটি ফুলকপি ৫০ থেকে ৬০ টাকায় এবং মাঝারি আকারের লাউ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই কারণে মুলার দামও কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় উঠেছে।
বাজারে নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। মুড়িকাটা পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া নতুন আলু কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা এবং বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা এবং বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল আগের মতোই লিটারপ্রতি ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।