দশমিনা পটুয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পটুয়াখালী জেলা বিএনপির আওতাধীন দশমিনা উপজেলা বিএনপি ও গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনের কাঠামো পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে ১৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি শেখ হাওলাদার সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান টোটনের কাছে প্রেরণ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, দলীয় কার্যক্রমকে আরও কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংহত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অচিরেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে বলেও জানানো হয়। নতুন কমিটিতে ত্যাগী, পরীক্ষিত এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেন।
এদিকে আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভিপি নুরুল হক নুরের নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থীর বিষয়ে বিএনপি আরও কঠোর অবস্থান নিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে দশমিনা ও গলাচিপা উপজেলার বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের দাবি, উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত হলেও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অবস্থানে এর কোনো প্রভাব পড়বে না।
অন্যদিকে, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন,“স্থানীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি সামাজিক শক্তির বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করা হবে। সকল প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।”
কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত দলীয় কার্যক্রমে নতুন গতি আনবে বলে তারা আশাবাদী।