ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মাদক, অবৈধ যান চলাচল এবং দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জেলার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা এবং বিশেষ অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র অটো, সিএনজি ও অন্যান্য যানবাহন পার্কিং করে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া সড়ক ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, অন্যের জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, পেশিশক্তি প্রদর্শন করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লিখিত অপরাধসমূহ দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আইন ভঙ্গ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য করলে তার সামাজিক অবস্থান বিবেচনা না করেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এক বার্তায় ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে পরিচালিত এসব কার্যক্রমে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এই কার্যক্রম সফল করতে সাধারণ জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত টহল, মোবাইল কোর্ট এবং কঠোর নজরদারির ফলে ভালুকা উপজেলায় অপরাধপ্রবণতা কমবে। একই সঙ্গে জনসাধারণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে চলাচল করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর