ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:০৯ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আপাতত বন্ধ হয়ে গেল।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক শাকসু নির্বাচনের জন্য দেওয়া অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন, তা হাইকোর্ট চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এর ফলে নির্ধারিত তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না। আদালতের নির্দেশনা অনুযায়ী, চার সপ্তাহ পর যে কোনো দিন নির্বাচন আয়োজন করা যেতে পারে।

এর আগে রোববার শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়। আবেদনকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন আইনসম্মত নয় এবং নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপন্থী।

রিট আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনা বহাল থাকা অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন করা আইনগতভাবে সঠিক নয়। এ কারণে নির্বাচন স্থগিত করা জরুরি।

আদালতের আদেশে শাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও বেড়েছে। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি ও শিক্ষার্থীদের অংশগ্রহণের যে পরিবেশ তৈরি হয়েছিল, তা আপাতত স্থবির হয়ে পড়েছে।

চার সপ্তাহ পর আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী শাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর