ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল বলেছেন, বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ায় দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে যা কাটিয়ে ওঠা কঠিন হবে। তিনি মনে করেন, এই ভুল সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে, যা বাংলাদেশের ক্রিকেটকে ভুল পথে পরিচালিত করেছে।
বিস্তারিতভাবে, মদন লাল বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে যা বুদ্ধিমানের কাজ নয়। আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে এবং এটি একদম সঠিক সিদ্ধান্ত।”
তিনি বলেন, “পাকিস্তান নিজে বিশ্বকাপ খেলছে, কিন্তু বাংলাদেশ খেলছে না; এটা স্পষ্ট যে পাকিস্তানও এই ব্যাপারে ভুল পথে নেতৃত্ব দিয়েছে।”
মদন লালের মতে, এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতের আসরগুলোতেও পড়বে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মারাত্মক সমস্যায় পড়বে। তিনি জানান, “আইসিসি যদি ভবিষ্যতে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সম্ভবত আর ফিরে আসতে পারবে না।”
তিনি আরও বলেন, “ক্রিকেট এখন মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয়। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য ব্যাপক ক্ষতিকর।”
আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির প্রসঙ্গে মদন লাল বলেন, “বিসিবির কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। মাত্র দুটি ভোট পেয়েছে বাংলাদেশ, যেখানে ১৪টি ভোট পড়েছে বিপক্ষে। মিটিংয়ের আগে বিশ্লেষণ করা উচিত ছিল যে কত ভোট আসতে পারে।”
বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করেছে। এর পর শনিবার স্কটল্যান্ডকে সুযোগ দেয়ার চূড়ান্ত ঘোষণা দেয়া হয়।
আকাশজমিন / আরআর