ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা


  • আপলোড সময় : সোমবার ২৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তিনি  বিষয়টি নিশ্চিত করেন। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বমিত্র চাকমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের চেষ্টা করেন। বিশেষ করে রেজিস্টার্ড রিকশা চালু করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি প্রশাসনের কাছে একাধিক প্রস্তাব দেন। তবে বাস্তবতা হলো, আজও ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই এবং নিরাপত্তা ব্যবস্থাও কার্যকরভাবে গড়ে ওঠেনি।

তিনি বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। সেখানে নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সর্বমিত্র চাকমা আরও বলেন, তার সব ভাবনা ও চিন্তার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি একা একা বিভিন্ন জায়গায় দায়িত্বের বাইরে গিয়েও সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি বুঝতে পারেন, আইনের সীমা অতিক্রম করে কোনো সমাধান টেকসই নয়। দায়িত্ব পালনের এই প্রক্রিয়ায় তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “আমি চেষ্টা করেছি সমাধান বের করতে। নিজের দায়িত্বের বাইরে গিয়েও কাজ করেছি। কিন্তু যত চেষ্টাই করি না কেন, আইন তো আইনই। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থা বিষিয়ে উঠেছে। এখন আর কন্টিনিউ করার সক্ষমতা আমার নেই।”

ডাকসু সদস্য হিসেবে সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণার পর ক্যাম্পাসজুড়ে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, এটি শুধু একজন প্রতিনিধির ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সমালোচনার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

সর্বমিত্র চাকমার পদত্যাগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থার বিষয়গুলো আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। এখন শিক্ষার্থীদের প্রত্যাশা, এই ঘটনার পর প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এবং ক্যাম্পাসে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর