ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান


  • আপলোড সময় : সোমবার ২৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই যোগদানকে কেন্দ্র করে মোহনগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

যোগদানকারীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, ৪ নম্বর মাঘান-সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। দীর্ঘদিন সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করা এসব নেতাকর্মীর দলবদল স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গতকাল রোববার রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা দলে যোগ দেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ, সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতারা সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছি। তিনি আরও বলেন, সামনে আরও অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করবেন বলে তিনি আশাবাদী।

হাফেজ জুনায়েদ হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নেত্রকোনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আল হেলাল তালুকদার বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি বলেন, সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন করা অত্যন্ত জরুরি। জনগণের ভোটের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথ সুগম হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মোহনগঞ্জ উপজেলায় ১০ দলীয় জোটের সাংগঠনিক শক্তি আরও জোরদার হবে বলে তারা মনে করছেন।

সব মিলিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের এই যোগদান নেত্রকোনা-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। নির্বাচনের বাকি সময়ে এই যোগদান কীভাবে ভোটের মাঠে প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর