হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় টমটমচালক কাশেম হত্যাকাণ্ডের দীর্ঘদিন পর প্রধান আসামি এমরান মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়িটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়েছে।
পিবিআই সূত্র জানায়, বাহুবল থানায় দায়েরকৃত কাশেম হত্যা মামলার (মামলা নং–০৬, জিআর নং–১০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) তদন্তভার ২০২৫ সালের ১০ আগস্ট থেকে পিবিআই হবিগঞ্জ গ্রহণ করে। তদন্তভার গ্রহণের পর থেকেই মামলার রহস্য উদঘাটনে পিবিআই নিয়মিতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে আসছিল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামি এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমরান মিয়া বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও কনস্টেবল-ড্রাইভার আজিম মোল্লা। গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়িটিও উদ্ধার করা হয়।
পিবিআই আরও জানায়, এমরান মিয়া হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে নিজেকে আড়াল করে রাখেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
এর আগে মামলার আরেক আসামি ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টমটমচালক কাশেম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন এমরান মিয়া। হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়ির বিষয়টিও তদন্তে নিশ্চিত হওয়া যায়।
পিবিআই জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য প্রস্তুত করা হচ্ছে।
দীর্ঘদিন পর মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহত কাশেমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানান, হত্যাকাণ্ডের পর থেকে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে ছিল। পিবিআইয়ের এই সফল অভিযানের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন তাঁরা।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আকাশজমিন / আরআর