কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে সরকার হবে সাহসী ও শক্তিশালী। এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকেই পরোয়া করবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে শহীদ উছমান গনী ময়দান মাঠে নেত্রকোণা-০৪ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাওলানা এটিএম মাছুম বলেন, জামায়াত যে সরকার কায়েম করবে তা হবে দুর্নীতি, ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত। দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই হবে তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সৎ নেতৃত্ব ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো দরকার, যা জনগণের অধিকার নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সততা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।
নির্বাচনী সমাবেশে মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ সভাপতিত্ব করেন। সমাবেশে নেত্রকোণা-৪ আসনের ১১দলীয় মুফতি ইরশদুল্লাহ কাসেমী, জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদিক আহমেদ হারিছ, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদসহ অন্যান্য নেতা ও কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা বলেন, দেশের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
সমাবেশে প্রার্থীদের উন্নয়নমূলক প্রতিশ্রুতি এবং দেশের জন্য সুষ্ঠু ও শক্তিশালী সরকারের গুরুত্ব তুলে ধরা হয়। নেতারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।