ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি: বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা আছে কি?


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:১২ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে স্বস্তির খবর হলো, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার বা বাংলাদেশে সরাসরি আঘাত হানার কোনো আশঙ্কা নেই। তা সত্ত্বেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি গরমের অস্বস্তি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে আজ রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনকি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে ভ্যাপসা গরমের অস্বস্তি কমাবে।

 

এদিকে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

 


এ সম্পর্কিত আরো খবর