ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসের ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:২২ এএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১২ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

 তবে দীর্ঘ সময় ধরে চলা এ আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, পুরান ঢাকার তীব্র যানজট, সরু গলি এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে ঘটনাস্থলে পৌঁছানো ও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে।

 

পানির তীব্র স্বল্পতা এবং চারদিক ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ ব্যবহার করে এবং জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক কর্মীরা ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনসুর খান প্লাজায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ ১২ ঘণ্টার টানা প্রচেষ্টায় মঙ্গলবার ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

 


এ সম্পর্কিত আরো খবর