ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১,৮৯৮


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৪৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন রোগী। এর মধ্য দিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। আর সারাদেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৩৭৭ জনের মধ্যে শুধু চলতি অক্টোবরেই মৃত্যু হয়েছে ১৩২ জনের। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের প্রাণহানি ঘটেছিল। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা গেছেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৮১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, খুলনায় ১৫৯ জন, বরিশালে ১৫২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন এবং রংপুর বিভাগে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭২৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মোট ১ লাখ ১৫ হাজার ১৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


এ সম্পর্কিত আরো খবর