ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৩৯ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইটের স্থগিতাংশের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।


রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের নির্দিষ্ট কিছু বিমানবন্দরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সৌদি আরবগামী ও দেশটি থেকে ফিরে আসতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াত সুগম রাখতে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর সচল রাখা হয়েছে। যাত্রীরা জরুরি প্রয়োজনে এই দুটি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।


যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিজি। এই বিশেষ ফ্লাইট কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, ঢাকা-মদিনা রুটে ড্রিমলাইনার (বোয়িং ৭৮৭) উড়োজাহাজের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত ফ্লাইট চলাচল করছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাময়িকভাবে স্থগিত করা রুটগুলোর ফ্লাইট পুনরায় চালু এবং নতুন সময়সূচি সংক্রান্ত হালনাগাদ তথ্য যথাসময়ে বিমানের অফিসিয়াল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট সংক্রান্ত নির্দেশিকা, টিকিটের সময় পরিবর্তন বা ভ্রমণের বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর