ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:১৯ পিএম

দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর মশাবাহিত এই রোগটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সর্বোচ্চ রেকর্ড।


রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে পৌঁছেছে। এর আগে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড ছিল—১১ অক্টোবর ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭ জন, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ দৈনিক মৃত্যুর রেকর্ড রয়েছে ৬ ও ১৫ অক্টোবর, যে দুই দিনে ১০ জন করে মারা গিয়েছিলেন।


বিশেষজ্ঞ চিকিৎসকরা এডিস মশাবাহিত এই রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের চারপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেওয়ার পাশাপাশি জ্বর দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর