ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের বৃহৎ জেরা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ সময় : ৪:২৭ পিএম

বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং বিশ্বমানের বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে জাপানের শীর্ষ অবকাঠামো কেন্দ্রগুলো পরিদর্শন করছেন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে জাপানের অত্যাধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিগত সহায়তা পাওয়ার সুনির্দিষ্ট পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।


জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র (JERA) বিশ্বখ্যাত স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিৃদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে তিনি গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি পরিদর্শনে যান। সেখানে উপস্থিত সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ ও কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে টার্মিনালের পরিচালনা পদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং আধুনিক জ্বালানি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।


উচ্চপর্যায়ের এই আন্তর্জাতিক পরিদর্শনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সেই সঙ্গে পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে যুক্ত ছিলেন।


বিশেষজ্ঞদের মতে, জাপানের জেরা’র আধুনিক প্রযুক্তির এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্রের এই নিবিড় পর্যবেক্ষণ ভবিষ্যতে বাংলাদেশে দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও স্থিতিশীল পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর