ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ১১:৩০ এএম

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

 

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি এবং নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, মুখে হালকা দাড়ি ছিল, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়।

 

পকেটে থাকা ওই আইফোনের সূত্র ধরেই পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্টের দিকে তাহসিফসহ বিমান বাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর