ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জলবায়ু সম্মেলন মানেই চরম ভণ্ডামি আর লুটেরাদের ভিড়: গ্রেটা থুনবার্গ


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৫:২৮ পিএম

বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ও তীব্র দাবদাহের কারণে লাখো মানুষের জীবন হুমকির মুখে, ঠিক তখনই বিশ্বমঞ্চের তথাকথিত পরিবেশ রক্ষার মহোৎসব নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দীর্ঘ সময় পর কোনো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েই বর্তমান বিশ্বনেতাদের দ্বিমুখী নীতি ও মুনাফালিপ্সু মনোভাবের বিরুদ্ধে এক হাত নিলেন বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তার এই হুংকার বিশ্বজুড়ে তরুণ আন্দোলনকারীদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।


তুরস্কের আন্তালিয়া শহরে আয়োজিত জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ পৌঁছে বর্তমান বিশ্বব্যবস্থা ও সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বলে তীব্র ভাষায় তোপ দেগেছেন সুইডেনের প্রখ্যাত জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করে বলেন, নিজেদের লাভ ও ক্ষমতার অন্ধ মোহ ত্যাগ করে অবিলম্বে মানুষ ও পৃথিবীকে রক্ষা করার সময় এসেছে।


সম্মেলনের মূল মঞ্চের বাইরে ক্ষোভ প্রকাশ করে গ্রেটা বলেন, প্রতি বছর এই আন্তর্জাতিক সম্মেলন এক ধরনের প্রহসন বা ভণ্ডামিতে রূপ নেয়; যেখানে আয়োজক দেশগুলো নিজেদের পরিবেশবান্ধব হিসেবে জাহির করার সুযোগ খোঁজে। আমরা সবাই খুব ভালো করেই জানি, এই সম্মেলনের অন্দরে সেই সব বিনাশী কোম্পানির দালালদের বিরাট ভিড় থাকে, যারা বর্তমানের বৈশ্বিক ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে কোটি কোটি টাকার মুনাফা লুটছে। আমাদের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সাধারণ মানুষ এবং প্রকৃতির সুরক্ষার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে।


উল্লেখ্য, এবারের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, ভয়াবহ বন্যার মতো চরম প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কপ-৩১ এর যৌথ আয়োজক দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়া পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের কথা মুখে বললেও তারা নিজেরা বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একইভাবে ব্রাজিল, দুবাই ও আজারবাইজানের মতো বিগত সম্মেলনগুলোর আয়োজক দেশগুলোও বিশ্বজুড়ে তেল বিক্রির অন্যতম বড় কারবারি হিসেবে পরিচিত।


জলবায়ু পরিবর্তন সবকিছু ধ্বংস করে দিচ্ছে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে গ্রেটা থুনবার্গ আরও বলেন, আমাদের প্রিয় মানুষ ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই আজ মারাত্মক ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে। ধনী ও ক্ষমতাবান গুটি কয়েক মানুষের অফুরন্ত লাভ এবং ক্ষমতার লোভ সামলাতে গিয়ে সাধারণ মানুষ ও আমাদের পুরো পৃথিবী ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে মানুষের প্রকৃত কল্যাণে কাজ করার সময় এখনই।


উল্লেখ্য, ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডেনের পার্লামেন্টের সামনে একা একা পরিবেশ রক্ষার দাবিতে স্কুল ধর্মঘট শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিলেন থুনবার্গ। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো জলবায়ু সম্মেলনের পর এই প্রথম তিনি সরাসরি কোনো বড় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিলেন। সে সময় গ্লাসগোতে বিশ্বনেতাদের ফাঁকা প্রতিশ্রুতিগুলোকে তিনি কেবল ‘ফাঁকা বুলি’ বলে উড়িয়ে দিয়েছিলেন। পরিবেশ সুরক্ষার পাশাপাশি তিনি ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলন এবং ফরাসি শিক্ষার্থীদের অধিকারের দাবির পক্ষেও রাজপথে সরব ছিলেন।


এদিকে আন্তালিয়া সম্মেলনে গ্রেটার আকস্মিক উপস্থিতি পরিবেশ রক্ষার দাবিতে বিশ্বের নানা প্রান্ত থেকে সমবেত হওয়া তরুণ আন্দোলনকারীদের মনে নতুন প্রাণের সঞ্চার করেছে। তারা উন্নত বিশ্বের কাছে পরিবেশ তহবিলের ন্যায্য অর্থ ছাড়ের জোরালো দাবি তুলছেন। সম্মেলনে উপস্থিত ২৬ বছর বয়সী পরিবেশকর্মী আম্বার টার্নার মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা গভীরভাবে প্রত্যাশা করছি, গ্রেটার এই উপস্থিতি সবাইকে আবার নতুন করে মনে করিয়ে দেবে কেন আমরা এই দীর্ঘ লড়াই শুরু করেছিলাম। নেতাদের সঠিক জবাবদিহি নিশ্চিত করতে এবং সবার জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তেই আমাদের এই সংগ্রাম চলবে। সিঙ্গাপুরের তরুণ কর্মী কিইয়ুন উ মনে করেন, থুনবার্গের সাহসী উপস্থিতি তরুণ প্রজন্মের দাবিগুলোকে বিশ্বনেতাদের দরবারে আরও বহুগুণ শক্তিশালী করে তুলবে। উল্লেখ্য, তুরস্কের এই গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এবং পরবর্তী কপ-৩২ সম্মেলন ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সূত্র: এপি।


এ সম্পর্কিত আরো খবর