ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নড়াইলে ২৬ বছর ধরে বিষমুক্ত বাগান গড়ে তুলেছেন পল্লব


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ২:৫৮ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টির চাহিদা পূরণে মো. পল্লব নামের এক যুবক গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। বাড়ির আঙিনার প্রায় ২০ শতাংশ জমিতে তিনি দীর্ঘ ২৬ বছরের বেশি সময় ধরে এই বাগান পরিচর্যা করে আসছেন। সরেজমিন দেখা যায়, বাগানটি বিভিন্ন ধরনের ফল গাছ ও শাক-সবজিতে সমৃদ্ধ।

এই বাগানে রয়েছে বিটরুট, গাজর, বালিয়া শাক, ডাটা শাক, বাধাকপি, থানকুনি শাক, ধুনিয়া শাক, টমেটো, চুই ঝাল, ওলকপি, বেগুন, পেপে, পুদিনা, লাউ, মিষ্টি কুমড়া, লালশাক, পালনশাক, কাটানোটে শাক, পোড়ানোটে শাক, মূলা, রেড ক্যাবেজ, ফুলকপি, সিম, মানকচু, লতিকচু, দস্তারিকচু, ডাঙ্গাইড়কচু, ঘটকচু, পুইশাক, শশা, মরিচ ও ক্যাপসিকাম। পাশাপাশি রয়েছে মালবেরি, রামবুটান, গোলাপজাম, কলা, পেয়ারা, রয়েলফল, আম, আপেলকুল, ঝারালেবু ও বাতাবি লেবুর মতো বিভিন্ন ফল গাছ। বাগানে দারুচিনি, তেজপাতা ও এলাচের মতো মসলার গাছও রয়েছে।

উদ্যোক্তা মো. পল্লব বলেন, পরিবারের পুষ্টি নিশ্চিত করতে এবং সুস্থ জীবনযাপন বজায় রাখতে তিনি নিজ উদ্যোগে ২০০১ সাল থেকে এই বিষমুক্ত বাগান গড়ে তুলেছেন। প্রতিদিন প্রয়োজন অনুযায়ী বাগান থেকে সবজি ও ফল সংগ্রহ করে পরিবারের খাবার প্রস্তুত করেন। অতিরিক্ত উৎপাদিত শাক-সবজি তিনি আত্মীয়স্বজন ও বন্ধুদের উপহার হিসেবে দিয়ে থাকেন। তিনি জানান, গত ২৬ বছর ধরে তিনি বাজার থেকে কোনো শাক-সবজি কিনছেন না।

তিনি আরও বলেন, যাদের বাড়ির আঙিনায় বা ছাদে সামান্য জায়গা রয়েছে, তারা চাইলে ছোট পরিসরে হলেও বিষমুক্ত সবজি বাগান গড়ে তুলতে পারেন। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং অর্থ সাশ্রয় হবে।

এ বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়। বাড়ির আঙিনার ছোট জায়গাকে কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুললে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। এমন বাগানে উৎপাদিত শাক-সবজি ও ফল বিষমুক্ত হওয়ায় তা স্বাস্থ্যের জন্য উপকারী।বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয়ভাবে পুষ্টি উৎপাদনের এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর