বিনোদন প্রতিবেদক
বগুড়ার আলোচিত ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও চলচ্চিত্র অভিনেত্রী মুনমুনকে জুটি করে নির্মিত ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সত্তর দশকের জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এই সিনেমাটি প্রযোজনা করেছেন এবং পরিচালনা করেছেন বাবুল রেজা।
উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি দেওয়া হলেও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছাড়পত্র দেয়নি। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেমাটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয় এবং এর বিপরীতে কোনো পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হয়েছে। তবে ছাড়পত্র অনুমোদিত হয়নি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জানান, তারা সিনেমাটি দেখেছেন। তার মতে, বর্তমান সময়ে চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে মানসম্মত ও গ্রহণযোগ্য সিনেমা প্রয়োজন। কিন্তু এই সিনেমাটি বর্তমান অবস্থায় প্রদর্শনের উপযোগী নয়। প্রযোজক চাইলে পুনরায় আবেদন করলে বিষয়টি আবার বিবেচনা করা হবে।
জানা যায়, সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ২০ নভেম্বর। সে সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সম্প্রতি প্রযোজকের তালিকায় মেগা স্টার খ্যাত উজ্জ্বলের নাম দেখা যায়। বর্তমানে হিরো আলম কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। প্রযোজক ও চিত্রনায়ক উজ্জ্বলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠালেও সাড়া মেলেনি।
‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমায় হিরো আলম ও মুনমুন ছাড়াও অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিনসহ আরও অনেকে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের বিতর্ক ও ছাড়পত্র জটিলতা সিনেমাটির ভবিষ্যৎ প্রদর্শন ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে উজ্জ্বল এই সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখানোর চেষ্টা করেছিলেন বলে আলোচনা রয়েছে। দীর্ঘদিন স্থগিত থাকার পর আগামী ৪ এপ্রিল নির্বাচন নির্ধারিত হলেও তা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে চলচ্চিত্র অঙ্গনে নির্বাচনী পরিবেশ ও এই সিনেমা ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সিনেমার মান, কনটেন্ট ও নির্মাণশৈলী পর্যালোচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রযোজক চাইলে বিধি অনুসরণ করে পুনরায় আবেদন করতে পারবেন এবং তখন নতুন করে মূল্যায়ন করা হবে।.
আকাশজমিন / আরআর