নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি একটি রাস্তা দখল করে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকটি পরিবারের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার শিবির বাজার সংলগ্ন ছোট-পাইকুড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মহল্লাবাসীর পক্ষে বাদী হয়ে তাদেরই প্রতিবেশী ইসলাম উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভার সীমানা-লাগোয়া বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের শিবির বাজার সংলগ্ন ছোট-পাইকুড়া মহল্লায় জায়গা ক্রয় করে জাহাঙ্গীর আলম, লগুজ মিয়া, মিঠু গোস্বামীসহ কয়েকটি পরিবার প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছেন। শুরু থেকেই তারা প্রায় ৬ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা ব্যবহার করে চলাচল করতেন।
ভুক্তভোগীদের দাবি, প্রায় ১৫-১৬ দিন আগে ইসলাম উদ্দিন জোরপূর্বক ওই রাস্তার প্রায় ৩ ফুট জায়গা দখল করেন। সেখানে সুপারি গাছের চারা রোপণ করার পাশাপাশি বাঁশের খুঁটি গেড়ে স’মিলের করাত দিয়ে বেড়া নির্মাণ করা হয়। এতে করে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ইসলাম উদ্দিন এলাকাবাসীর কাছে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। ফলে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই সাহস পাচ্ছেন না। দীর্ঘদিনের ব্যবহার করা রাস্তা হঠাৎ করে সংকুচিত হয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে বলে জানান তারা।
এ অবস্থায় মহল্লাবাসীর পক্ষে জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সরকারি রাস্তা অবমুক্ত করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি তার নিজ মালিকানাধীন জায়গায় বেড়া দিয়েছেন। তিনি সরকারি কোনো রাস্তা দখল করেননি বলে দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, অভিযোগটি এখনও তার নজরে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে সরকারি রাস্তা দখলের অভিযোগের সুষ্ঠু সমাধান চান।