মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় নিহত আলমগীর হাওলাদারের বাড়ি, ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলদার এবং একই এলাকার হাসান মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে তাদের সমর্থকদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছিল।
এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হাসান মুন্সীর সমর্থকরা মনিরুজ্জামান আক্তার হাওলদারের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত প্রতিপক্ষের লোকজন অন্তত ৩০টি বাড়িতে আগুন দেয় এবং বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালায়। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকায় যাতে আর কোনো সহিংস ঘটনা না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এদিকে এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তারকে গ্রেফতার করেছে। র্যাব-৮ জানায়, তার বিরুদ্ধে বোমা বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।
আকাশজমিন
/ আরআর