আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের হামলা, নির্যাতন ও মামলার স্বীকার হয়ে বিএনপি দলকে সুসংগঠিত করেছেন। কিন্তু তার বিরুদ্ধে দলের কিছু নেতা সামাজিক ও রাজনৈতিকভাবে অপপ্রচারের জন্য ষড়যন্ত্র করছে। এ চক্র তার বিরুদ্ধে ফেইক আইডি খুলে ভিডিও ও তথ্য ইডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে উপজেলা বিএনপির সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মিটিং করেছিলেন। তবে ওই মিটিংয়ের কথোপকথনের রেকর্ডিং কিছু নেতার দ্বারা এডিট করে ভাইরাল করা হয়েছে। একইভাবে, তিন মাস আগের একটি শালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।
জালাল উদ্দিন ফকির স্পষ্ট করেন, “এই ধরনের অপপ্রচারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও মোঃ ফারুক মৃধা প্রমুখ।
উপস্থিত নেতারা জানান, রাজনৈতিকভাবে সম্প্রীতি ও স্বচ্ছতার পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও ভিডিও ছড়ানো রাজনৈতিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করছে।
এ সংবাদ সম্মেলন থেকে মূল বার্তা হলো, সামাজিক ও রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার গুরুত্ব এবং দলের অভ্যন্তরীণ অশান্তি ও বিভ্রান্তি রোধ করা।