রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে দুই মাস আগে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধে দেরি হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সোনিয়া ও আশরাফুল মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুসন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেট এলাকার একটি বিকাশ নম্বরে বাকি ২৫ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
বিকাশের দোকানদার বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়দের জানালে তারা দ্রুত সোনিয়াকে আটক করে গণধোলাই দেয়। এ সময় আশরাফুল কৌশলে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোনিয়াকে হেফাজতে নেয় এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এই অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আশরাফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।