রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সহসভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, চন্দন ফকির, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ছাত্রদল নেতা রাকিব হাসান, অন্তর দাস, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, বিনয় চন্দ্র ঘোষ, বিএনপি নেতা অলি ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বরদাশত করা হবে না। যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মাদক কারবারিদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এবং এলাকা থেকে তাদের উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
তারা আরও বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হলে মাদক ও সন্ত্রাস নির্মূলের বিকল্প নেই। এজন্য স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোলাকান্দাইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাওঘাট, পূর্বপাড়া, মধ্যপাড়া এবং গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক ও চাঁদাবাজির কিছু ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে।