সাতক্ষীরায় সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কেও আসামি করা হয়েছে। তারা এটিকে ন্যায়ের পরিপন্থী এবং সাংবাদিকদের ভয় দেখানোর অপচেষ্টা বলে উল্লেখ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে সেবা প্রদানে বাধা সৃষ্টি করছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে গেলে হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ওঠে।
কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস.এম জুলফিকার আলী জিন্নাহ, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারি অফিসে এমন নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে তারা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অফিসের একটি সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করায় এ হামলা চালানো হয়। তবে ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা দায়ের করা হলে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
আকাশজমিন / আরআর