ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

চুনারুঘাটে অনুমতি ছাড়াই শতবর্ষী গাছ কাটার অভিযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:০১ পিএম

চুনারুঘাট(হবিগঞ্জ)  প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বন বিভাগের অনুমতি ছাড়াই শতবর্ষী একটি আকাশমনি গাছ কাটার অভিযোগ উঠেছে নালুয়া চা বাগানের ম্যানেজার তারিফ মনোয়ারের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবেশবাদী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আইনগত ব্যবস্থার দাবি উঠেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের গুইবিল সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের শ্রমিকদের জন্য ঘর নির্মাণের কথা বলে বিশাল আকৃতির শতবর্ষী আকাশমনি গাছটি কেটে ফেলা হয়।

এলাকাবাসীর দাবি, গাছটি বহু পুরোনো এবং পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই এমন একটি গাছ কেটে ফেলা আইনবিরোধী এবং পরিবেশের জন্য ক্ষতিকর।

ঘটনার বিষয়ে বন বিভাগের সরকারি বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন-কে অবহিত করা হলে তিনি বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ড বন আইনের পরিপন্থী এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত নালুয়া চা বাগানের ম্যানেজার তারিফ মনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিবেশ কর্মীরা বলছেন, সরকারের অনুমোদন ছাড়া শতবর্ষী গাছ কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ সুরক্ষা আইনের লঙ্ঘন। তারা জানান, দেশের পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

তাদের মতে, যেখানে সরকার ও রাষ্ট্রপ্রধান বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করছেন, সেখানে নির্বিচারে গাছ কাটা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় প্রভাবশালী মহল বিভিন্ন অজুহাতে বড় বড় গাছ কেটে ফেললেও যথাযথ নজরদারির অভাবে এসব ঘটনা রোধ করা সম্ভব হয় না। ফলে বনজ সম্পদ ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর