ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে দেশটিতে জ্বালানি সংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বজুড়ে চলমান জ্বালানি অস্থিরতার মধ্যেই এই দুর্ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভিক্টোরিয়া ফায়ার রেসকিউ সার্ভিসের ডেপুটি কমিশনার মিশেল কাউলিং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে জানান, বুধবার (১৫ এপ্রিল) রাতে জিলং শহরে অবস্থিত একটি বড় তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন লাগে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল শোধনাগারটি দেশটির মাত্র দুটি সচল রিফাইনারির একটি। ফলে এই স্থাপনায় উৎপাদন ব্যাহত হলে তা জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন ঘটনাটিকে “ইতিবাচক খবর নয়” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, উৎপাদন কতটা ব্যাহত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে বাজারে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়া তাদের মোট পরিশোধিত জ্বালানির প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যেখানে বর্তমানে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান।

বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংঘাত ও সরবরাহ সংকটের কারণে আগেই বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এর মধ্যে এই অগ্নিকাণ্ড দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, আমদানি নির্ভরতার কারণে অস্ট্রেলিয়ার জ্বালানি খাত আগেও ঝুঁকিতে ছিল, তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর