ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

তামিম সভাপতি হওয়ায় খেলোয়াড়দের সুবিধার কথা বললেন মিরাজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে অতীতের সতীর্থ সম্পর্ক বর্তমান ক্রিকেট পরিবেশে খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। এক বছর আগেও ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে একসঙ্গে খেলেছেন মিরাজ ও তামিম ইকবাল। বর্তমানে সময়ের ব্যবধানে দুজনের ভূমিকা বদলে গেছে—মিরাজ এখন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, আর তামিম ৭ এপ্রিল থেকে তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালে তামিম ইকবাল জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেই অভিজ্ঞতা এখন প্রশাসনিক পর্যায়ে যুক্ত হওয়ায় খেলোয়াড়দের জন্য ইতিবাচক দিক তৈরি হয়েছে বলে মনে করছেন মিরাজ। নিউজিল্যান্ড সিরিজের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একসঙ্গে খেলাধুলা করার কারণে তামিম ক্রিকেটারদের চাহিদা ও মানসিকতা ভালোভাবে বোঝেন। তিনি বলেন, “যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি—তা জানেন। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।”

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটারদের জন্য বেতন বৃদ্ধি এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন তিনি, যা খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

তামিমের সঙ্গে আলোচনার বিষয়ে মিরাজ জানান, সভাপতির সঙ্গে দলগত পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, “সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দল ভালো করছে। তিনি আমাদের প্রেরণা দিয়েছেন এবং বলেছেন, আমরা যেভাবে খেলছি, এভাবেই ভালো ক্রিকেট খেলতে হবে।”

গত এক সপ্তাহে বাংলাদেশ ক্রিকেটে নানা ঘটনা ঘটলেও জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন মিরাজ। নিউজিল্যান্ড সিরিজ এবং আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে লাল বলের সিরিজকে সামনে রেখে খেলোয়াড়রা আলাদা আলাদাভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মিরাজ বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের বিষয়গুলো তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলে না, তাদের মূল লক্ষ্যই হচ্ছে মাঠে ভালো খেলা।

তিনি আরও জানান, গত তিন সপ্তাহের অনুশীলন খুবই ভালো হয়েছে এবং দল প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তার মতে, বাইরের আলোচনা বা ঘটনাপ্রবাহের দিকে না তাকিয়ে খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামে। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।


এ সম্পর্কিত আরো খবর