বগুড়া ( শিবগঞ্জ) প্রতিনিধি:
মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক কৃষি জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৬৭ জন কৃষকের প্রত্যেককে নগদ ৪৫০০ টাকা, বিভিন্ন কৃষি উপকরণ এবং একটি করে বৃক্ষ প্রদান করা হয়। এ সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং তাদের আয় বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধান গবেষণা ইন্সটিউটের পরিচালক মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি করতে মসলাজাত ফসলের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। তিনি বলেন, গবেষণালব্ধ উন্নত জাত ও প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং দেশের আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষকদের সেই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে হবে। কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটানোই টেকসই উন্নয়নের অন্যতম প্রধান সূচক এবং এ লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
কর্মসূচিতে আরডিএ-বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে একটি বৃক্ষরোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
আকাশজমিন / আরআর