হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত মঞ্জুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হাসিমের ছেলে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করে আসছিলেন। একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
বিরোধের জেরে রবিবার সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২)সহ আরও অনেকে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করেন, তারা প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালায় এবং এতে তার ছেলে মঞ্জুর মিয়া নিহত হন।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনিকভাবে স্থায়ী সমাধান না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত এ বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়ানো যায়।
আকাশজমিন / আরআর