পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে ডাকাতি করতে গিয়ে বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর (৫১) ও তাঁর ছেলে মিশকাফ বাহাদুর (১৯) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ডাকাতের নাম দুলাল। তার বাড়ি বরিশালের হিজলা উপজেলার একতাবাজার এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সাত সদস্যের একটি ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয়। ঘরে ঢুকেই তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির মালিকের ওপর হামলা চালায়। হঠাৎ আক্রমণে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়লেও একপর্যায়ে তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
এ সময় ডাকাত দলের সদস্যদের সঙ্গে বাড়ির লোকজনের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। চিৎকার ও গোলযোগের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পালানোর সময় গুরুতর আহত অবস্থায় এক ডাকাত ঘটনাস্থলেই পড়ে থাকে। পরে স্থানীয়রা বাড়ির আহত দুই সদস্য ও ওই ডাকাতকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পর ওই ডাকাত মারা যান। অন্যদিকে, গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তাঁর ছেলে মিশকাফ বাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, আহত উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন। তার পরিবারের সদস্যরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বাড়ির দুই সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।