ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২০ এপ্রিল, ২০২৬ সময় : ৬:১৮ পিএম

দেশের বিদ্যমান জ্বালানি সংকটের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতি ও পরিকল্পনাহীনতার কারণেই আজকের জ্বালানি সংকট তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।” তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও আগের সরকার রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গ্যাস উত্তোলনের কার্যকর উদ্যোগ নেয়নি। এর ফলে দেশকে জ্বালানি আমদানি নির্ভর ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, “নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে আজকে হরমুজ প্রণালির সংকটের কারণে দেশের জ্বালানি পরিস্থিতি এতটা প্রভাবিত হতো না।”

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে সংস্কার করার প্রয়োজন রয়েছে। তার মতে, বর্তমান সরকার রাষ্ট্র ও রাজনীতির কাঠামো মেরামতের মাধ্যমে চলমান সংকট থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে।

তিনি বলেন, রাষ্ট্রের দুর্বল কাঠামো সংস্কার না করলে জনগণকে দীর্ঘমেয়াদে সংকট থেকে মুক্ত করা সম্ভব হবে না।

রাজনৈতিক প্রেক্ষাপটে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের সেবা করাই বর্তমান সরকারের লক্ষ্য।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতালের সংকট সম্পর্কে সরকার অবগত রয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে।

তিনি জানান, মফস্বল পর্যায়েই যেন মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে স্বাস্থ্যখাতে উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন মনজুর এ এলাহী এবং পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টিকা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবায় নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর