ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বালু-মাটি পাচার রোধে মাধবপুরে জেলা প্রশাসকের কড়া বার্তা


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৩২ পিএম

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ অবৈধ বালু ও মাটি পাচার প্রতিরোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ নির্মূলে শুধু প্রশাসনের পদক্ষেপই যথেষ্ট নয়; বরং সাধারণ জনগণকেও সাহসী ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে জনগণকে নিজ উদ্যোগে বাদী হয়ে মামলা করার মানসিকতা গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন শুধু পরিবেশের ক্ষতিই করে না, এটি নদী, কৃষিজমি এবং অবকাঠামোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। তাই এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা একটি সরকারকে পিছু হটতে বাধ্য করেছেন। তাহলে অবৈধ বালু-মাটি পাচারকারীদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না কেন?” তার এ বক্তব্যে উপস্থিতদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান প্রতিফলিত হয়।

ড. সরফরাজ নতুন প্রজন্মের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের ত্যাগের ফলেই আজকের পরিবর্তিত পরিস্থিতি। সেই ত্যাগকে সম্মান জানাতে হলে আমাদের সৎ ও ন্যায়ের পথে চলতে হবে।” তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল এবং মিনহাজ চৌধুরী কাসেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলন একটি দীর্ঘদিনের সমস্যা, যা স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের সহায়তায় পরিচালিত হয়ে থাকে। এ সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় অংশগ্রহণকারীরা অবৈধ বালু-মাটি পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার মাধ্যমে একটি টেকসই সমাধান নিশ্চিত করা যেতে পারে।


এ সম্পর্কিত আরো খবর