নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বালু দক্ষিণপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের অবহেলা ও ভোগান্তির প্রতিবাদে এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া গ্রামটি দীর্ঘকাল ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। হেলাল উদ্দিনের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের এই সড়কটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এই রাস্তায় কোনো রিকশা বা জরুরি সেবার অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না। এতে করে প্রসূতি মা ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে গিয়ে পরিবারগুলোকে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, যার কারণে অনেক সময় তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারে না।
এছাড়া কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে কৃষিপণ্য পরিবহনেও কৃষকদের দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে কৃষি উৎপাদন ও বাজারজাতকরণে নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়রা জানান, প্রায় ৭ মাস আগে সড়ক নির্মাণের কাজ শুরু হলেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় জনগণের দুর্ভোগ আরও বেড়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কোনো খোঁজ নেওয়া হয় না। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কাছে একাধিকবার আবেদন করেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। প্রয়োজনে উপজেলা পরিষদ ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এই সড়কটি নির্মিত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।