রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩ মে) স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে স্টেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী এবং কেন্দুয়া গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কাঞ্চন ব্রিজ সংলগ্ন হাইওয়ে সড়ক এলাকায় বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী ব্যক্তি এবং বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে পুরো এলাকা প্লাবিত হয়। এতে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হয়, অন্যদিকে পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়। দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানান তারা।
মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ (RHD) এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— হাইওয়ে সড়কের দুই পাশে বসবাসরত মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণ, রাস্তার পাশে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং মহল্লাবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার করা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা এ সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা মানববন্ধনের মতো কর্মসূচিতে অংশ নিতে হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এলাকাবাসীর মতে, কাঞ্চন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, দুটি হাইস্কুল এবং দুটি জুট মিলের শ্রমিকসহ হাজারো মানুষের যাতায়াত নিরাপদ হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জলাবদ্ধতা ও নিরাপদ চলাচলের অভাবে প্রতিদিনই মানুষ দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, আর কর্মজীবী মানুষকেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।
শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।