নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নেত্রকোনা-আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বুধবার (৬ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক সেবার মান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় এমপি ড. রফিকুল ইসলাম হিলালী নবনির্মিত একটি আধুনিক ল্যাবরেটরির উদ্বোধন করেন। রক্ত পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার সুবিধা যুক্ত হওয়ায় স্থানীয় জনগণ এখন আরও সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পাবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসা সেবার মান, রোগীদের সেবা প্রক্রিয়া, চিকিৎসা সরঞ্জামের অবস্থা এবং জনবল সংকটসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্বাস্থ্যসেবাকে আরও উন্নত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন ল্যাব চালু হওয়ায় উপজেলা পর্যায়ে রোগ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে অনেক পরীক্ষার জন্য রোগীদের জেলা শহর বা অন্য স্থানে যেতে হতো, যা এখন অনেকটাই সহজ হয়ে যাবে।
এমপি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত ছিল। নতুন ল্যাব চালুর মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা জানান, নতুন ল্যাব যুক্ত হওয়ায় এখন অনেক গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা ও প্রাথমিক ডায়াগনস্টিক সেবা এখানেই দেওয়া সম্ভব হবে। এতে রোগীদের সময় ও খরচ দুটোই কমবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে গ্রামের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য এটি একটি বড় সুবিধা হিসেবে কাজ করবে। পরিদর্শন শেষে এমপি হিলালী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আকাশজমিন /
আরআর