ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী


শপথ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ৯ মে ২০২৬।ছবি: পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে

  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১১:৫৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান। এই শপথের মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে শুরু হওয়া শপথ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরাও একে একে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শপথ শেষে প্রধানমন্ত্রী মোদি শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানান এবং তার পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শুরুর আগে ছাদখোলা গাড়িতে প্রধানমন্ত্রী মোদি, শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একসঙ্গে জনতাকে অভিবাদন জানান। পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস ও স্লোগান।

শপথ অনুষ্ঠানে বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাসহ বিজেপির শীর্ষ নেতারা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্তসহ আরও অনেকে।

এছাড়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ বহু বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা বিজেপি কর্মীরাও এই শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।

বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই নেতা এবার রাজ্যের সর্বোচ্চ দায়িত্বে বসলেন।

এর আগে শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। পরে তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জমা দেন।

নতুন সরকারকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপির এই জয় রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য তাদের।


এ সম্পর্কিত আরো খবর