ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থা এখনও সংকটাপন্ন


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

অনলাইন রিপোর্টার

লিভার-সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। গত শুক্রবার রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববারও তাঁর অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কারিনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা করছে পরিবার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

আজ সকালে মেয়ের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে কায়সার হামিদ জানান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানাতে। তিনি বলেন, “আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, সে জন্য চেষ্টা করছি। আমাদের হাতে খুব বেশি সময় নেই। দ্রুত ওকে বিদেশে নিতে চাই।”

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর শারীরিক জটিলতা বেড়েছে। বিভিন্ন ধরনের মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এর মধ্যে একপর্যায়ে তাঁর রক্তচাপও কমে গিয়েছিল। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তাঁর ফ্যাটি লিভারের সমস্যাও ছিল।

অবস্থার আরও অবনতি হলে গত শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

কারিনা কায়সার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনার কাজেও প্রশংসিত হয়েছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি পরিচিত মুখ।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এসব কাজের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।

কারিনার অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।

এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হলে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

কারিনা কায়সারের সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর