রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে (৩৫) মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত সরকার (২৪) এবং অর্জুনের স্ত্রী কনিকা উষা (৫২)।
পুলিশ জানায়, গত ৩ মে সন্ধ্যায় রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীদের বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শিক্ষিকাকে বেদম মারধর করে এবং শ্লীলতাহানী ঘটিয়ে গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
একপর্যায়ে শিক্ষিকার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে অমিত সরকার (২২), অর্জুন সরকার (৫৫), কনিকা উষা (৪৫), বিথী সরকার (২০) ও পূজা রানী (১৮)-কে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় অভিযুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।”
আকাশজমিন / আরআর