ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ সময় : ৪:১০ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম খাদেমুল ইসলাম (২৫)। তিনি ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গভীর রাতে সীমান্তসংলগ্ন এলাকায় খাদেমুল ইসলাম গুলিবিদ্ধ হন। ঘটনার পর তার সঙ্গে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

নিহতের পরিবার দাবি করেছে, খাদেমুল ইসলাম পেশায় একজন জেলে ছিলেন এবং তিনি কোনো ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন না। তার বাবা আমজাদ হোসেন বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তসংলগ্ন এলাকায় গিয়েছিলেন খাদেমুল। এ সময় বিএসএফের গুলিতে তিনি আহত হন।

ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই বিএসএফের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছে। এদিকে খাদেমুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর