ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় ঘোষণা


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ১:০৮ পিএম

অনলাইন রিপোর্টার

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়েও আলোচনা চলছে। দীর্ঘ ৩৩ মাসেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সংগঠনের ভেতরে নতুন নেতৃত্ব গঠনের জোর দাবি উঠেছে।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আসন্ন কমিটিতে রাজপথের পরীক্ষিত, ত্যাগী এবং পরিচ্ছন্ন ইমেজের নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তারা মনে করছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজে যুক্ত থাকা নেতাদের মূল্যায়ন এখন সময়ের দাবি।

২০২৩ সালের ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে খন্দকার এনামুল হককে আহ্বায়ক এবং রবিউল ইসলাম নয়নকে সদস্যসচিব করা হয়। একইভাবে ঢাকা মহানগর উত্তরে শরীফ উদ্দিন জুয়েল আহ্বায়ক এবং সাজ্জাদুল মিরাজ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় সাংগঠনিক কার্যক্রমে গতি কমেছে বলে নেতাকর্মীদের একাংশের অভিযোগ। ফলে নতুন করে কমিটি গঠনের আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে বর্তমান কমিটি বহাল রেখে পূর্ণাঙ্গ করার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম আলোচনায় এসেছে। আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, সাবেক ছাত্রনেতা আসিফুর রহমান বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাবেক সদস্য ইমরান খান ইমন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ আরও অনেকে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি নিয়েও চলছে নানা আলোচনা। সেখানে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, বর্তমান কমিটির সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মিরপুর অঞ্চলের টিমপ্রধান শিমুল আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, আমিনুল হক হিমেল, সাফায়াতে রাব্বি আরাফাত এবং সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান রুয়েলসহ একাধিক নেতা।

দলীয় নেতাকর্মীদের মতে, আসন্ন কমিটিতে শুধুমাত্র পদ-পদবি নয়, বরং রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের মূল্যায়ন করা হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার দাবি জোরালো হয়েছে।

তবে চূড়ান্ত আলোচনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক মুন্না এবং মো. জিন্নাহর নাম শোনা যাচ্ছে। দলীয় কর্মীদের একাংশ মনে করছেন, তারা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজে যুক্ত থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজ এবং শিমুল আহমেদের নাম আলোচনায় রয়েছে। তারা দুজনই দীর্ঘদিন ধরে মহানগর উত্তরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র আরও জানায়, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে ক্লিন ইমেজ, গ্রহণযোগ্যতা এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে নতুন কমিটিতে তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, শুধু ঢাকা মহানগর নয়, দেশের সব জেলা ও মহানগর কমিটি নিয়েই পরিকল্পনা চলছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন ও পূর্ণাঙ্গ করার কাজ চলছে।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কেন্দ্রীয়ভাবে কাজ চলছে এবং শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি বিএনপির ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কমিটিতে কারা আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর