নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসানের সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার চোরাচালান, কিশোর গ্যাং, দুর্নীতি, শিক্ষা, পর্যটন, পরিবেশ ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। সীমান্তবর্তী এ উপজেলায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উভয় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. এনামুল হাসান।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, জামায়াতে ইসলামীর আমীর আবু নাসের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, দুদকের উপজেলা কমিটির সহ-সভাপতি ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা জালাল ফারুকী, জাতীয় দলের সাবেক কৃতি খেলোয়াড় উসাই মং ছোট, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশরসহ অনেকে।
বক্তারা বলেন, সীমান্তবর্তী এ উপজেলায় চোরাচালান ও মাদক পাচার উদ্বেগজনকভাবে বেড়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা, পরিবেশ ধ্বংস, শিক্ষা খাতে নানা সংকট এবং উন্নয়ন কার্যক্রমে অনিয়মের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
তারা নবাগত ইউএনও’র প্রতি আস্থা প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, নাইক্ষ্যংছড়ির পরিবেশ ভালো হলেও ভৌগোলিক কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সবার সহযোগিতা নিয়ে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা জানতে তিনি বেশি আগ্রহী। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চান বলেও জানান তিনি।
সভা শেষে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।