ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, আহত ২


  • আপলোড সময় : বুধবার ২০ মে, ২০২৬ সময় : ৪:৩৭ পিএম

নড়াইল প্রতিনিধি॥

নড়াইলের আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে মুক্ত হওয়ার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুইজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ ফেব্রুয়ারি ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে খলিল শেখের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। পরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যা মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য পারভিন বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ আরও কয়েকজন তাদের বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটির সৃষ্টি হলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শেফালী মেম্বার হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক অজয় কুমার বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর