অনলাইন রিপোর্টার
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের সময়কালের সামগ্রিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
এর আগে গত রবিবার (১৭ মে) দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতির অভিযোগ তুলে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন আমলের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছিল। ওইদিন প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিনটি (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, "বিগত ১৮ মাসে দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার সঠিক তদন্ত চেয়ে এই রিটটি করা হয়েছিল। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয় ছিল, যাতে ভবিষ্যতে কোনো অসাংবিধানিক শক্তি এসে কোনো নির্বাচিত সরকারকেও উৎখাত করতে না পারে।"
রিটকারী অন্য আইনজীবী মহসিন রশিদ বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটে যাওয়া সব ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছিলাম। পুরো প্রক্রিয়াটির তদন্ত কীভাবে সম্পন্ন হবে, তা সরকারই নির্ধারণ করত। শুনানির সময় অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে নির্দেশনা নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছিলেন। তবে আজ আদালত সার্বিক বিষয় বিবেচনা করে রিট আবেদনটি খারিজের আদেশ দিয়েছেন।"