ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রানীনগরে বজ্রপাতে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ মে, ২০২৬ সময় : ৬:৩৫ পিএম

নওগাঁর রানীনগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা সবাই কৃষিকাজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলেন আক্কাস ফকির (৫৮), পিতা মৃত আসাদ ফকির এবং তারেক ফকির (২৪), পিতা আমিনুর রহমান। তারা উভয়েই রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া অপর নিহত ব্যক্তি হলেন উপজেলার ৫ নম্বর বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামের নয়ন তালুকদার (৩২), পিতা হাসেন তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ফকির ও তারেক ফকির নিজ গ্রামের পাশের মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় আকাশে হঠাৎ কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

অন্যদিকে, উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামের কৃষক নয়ন তালুকদার নিজ কৃষিজমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বৃষ্টি থেমে গেলে মাঠে গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন।

গ্রামবাসীরা জানান, বজ্রপাতের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়দের ভাষ্য, চলতি মৌসুমে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মাঠে কাজ করা শ্রমিক ও কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার দাবি তুলেছেন।

রানীনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর