বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পটুয়াখালীর বাউফলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’। সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী ও কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অর্ধশতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং কোরবানির গোশত তুলে দেন সংগঠনের সদস্যরা।
বিতরণ কার্যক্রমে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুশি উপকারভোগীরা। অনেকেই সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্প্রেইড হিউম্যানিটির সভাপতি রহুল আমিন বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে চেয়েছি। সমাজের অনেক মানুষ আছেন যারা ঈদের সময়ও ভালোভাবে খাবারের ব্যবস্থা করতে পারেন না। তাদের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও বললেন, ‘আমরা ঈদ বাজারের পাশাপাশি কোরবানির গরুর গোশতের ব্যবস্থাও করেছি। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।’